রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজিব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, ১০টি লোহার রড, একটি করাতযুক্ত চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. হাসনাইন হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
যেভাবে ছিনতাই করত চক্রটি
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চক্রটির সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করত।
এ ছাড়া অসতর্কতার সুযোগ নিয়ে নারী পথচারীদের ব্যাগ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।



