ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় নেওয়া হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে সংশ্লিষ্ট সব মনোনয়নপ্রত্যাশীকে নির্ধারিত সময় ও স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।



