অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের পূর্বেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার একটি সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
ড. ইউনূস জর্জিয়েভাকে বলেন, নির্বাচন শেষে তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন। এ সময় আইএমএফ প্রধান তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে।
অধ্যাপক ইউনূস জানান, সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ জোরদারে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমরা একেবারে ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।”
জর্জিয়েভা তার প্রশংসা করে বলেন, “অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন দেশের অবনতির ঝুঁকি তীব্র ছিল, তখন দায়িত্ব নিয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন।”
আলোচনায় আঞ্চলিক প্রসঙ্গও উঠে আসে। ইউনূস নেপালের চলমান যুব আন্দোলন, বাংলাদেশের আসিয়ানে যোগদানের আকাঙ্ক্ষা এবং ঢাকা বন্দরের নতুন টার্মিনাল প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামোগত অগ্রগতির বিষয় তুলে ধরেন।
এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।



