tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকশুল্ক আরোপের পর প্রথমবার মোদিকে ট্রাম্পের ফোন, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

শুল্ক আরোপের পর প্রথমবার মোদিকে ট্রাম্পের ফোন, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর প্রথমবার সরাসরি কথা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। মোদির ৭৫তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। ভারতের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপের পর এ যোগাযোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে দুই নেতা ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ইউক্রেনের চলমান সংঘাত নিয়েও আলোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছার জবাবে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন—“আপনার মতো আমিও ভারত-মার্কিন ব্যাপক ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগগুলোকে আমরা সমর্থন করি।”

জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দারুণ ফোনালাপ হলো। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টায় ভারতের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”

এ আলোচনার প্রেক্ষাপট বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্কও রয়েছে—যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এ সিদ্ধান্তের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনাও স্থবির হয়ে পড়ে।

গত সপ্তাহে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সতর্ক করে বলেছিলেন, যদি ভারত যুক্তরাষ্ট্র থেকে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায়, তবে দেশটি আমেরিকান বাজারে প্রবেশাধিকারের সুযোগ হারাতে পারে।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হয়েছে। উচ্চ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো মঙ্গলবার উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে অগ্রগতি নিয়ে কথা বলে, যা ওয়াশিংটন ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে।

ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি মোদির সঙ্গে আলাপের অপেক্ষায় আছেন এবং আত্মবিশ্বাসী যে উভয় দেশই প্রস্তাবিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে। সেই ধারাবাহিকতায় এই ফোনালাপকে ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি