‘ইউজড কার পার্টস’ ঘোষণা দিয়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে সেগুলো সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিলাসবহুল গাড়ি তৈরি এবং শুল্ক ফাঁকির অভিযোগের তদন্তে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলের পার্কিং থেকে তিনটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর থেকে গাড়িগুলো নজরদারিতে রাখার পর বিকেলে সেগুলো নিজেদের হেফাজতে নেয় সংস্থাটি। শুল্ক গোয়েন্দার দাবি, গাড়িগুলোর বৈধ আমদানি ও ক্রয়সংক্রান্ত কোনো নথি সংশ্লিষ্টরা দেখাতে পারেননি।
বিকেলে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলের একটি হলরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।
তিনি বলেন, ‘ইউজড কার পার্টস’ ঘোষণা দিয়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে পরে সেগুলো সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি তৈরির একটি কৌশলের তথ্য তদন্তে উঠে এসেছে। এর মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রেজভী আহম্মেদ বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধানের ধারাবাহিকতায় কক্সবাজারে তিনটি গাড়ির সন্ধান পাওয়া যায়। পরে গাড়িগুলো নজরদারিতে রেখে জব্দ করা হয়। এগুলোর আমদানি ও ক্রয়ের বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে।



