দেশের কর্মক্ষম যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্যাপক দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমানের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) মিলিয়ে মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থানমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড এবং কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর ১২ লাখের বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে তারা দেশের শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও কর্মসংস্থানের সুযোগ অর্জন করছেন। ফলে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠার পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাস্তবায়নাধীন ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নুরুল হক বলেন, আধুনিক ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য। এর মাধ্যমে তারা বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
তিনি জানান, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ট্রেড চালু এবং প্রশিক্ষণের মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।



