tanaka
প্রচ্ছদজাতীয়যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব

যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব

যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ধনী শ্রেণি যদি যথাযথ নিয়মে যাকাত আদায় করেন এবং তা সঠিকভাবে বণ্টন করা যায়, তবে আগামী ১০ বছরের মধ্যেই দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব।

শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘যাকাত কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন এ কনফারেন্সের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, যাকাতের সুষ্ঠু আহরণ ও বিতরণের মাধ্যমে শুধু দারিদ্র্য বিমোচনই নয়, বিদেশের কাছে হাত পাতার হীন প্রবণতাও বন্ধ করা সম্ভব। তিনি আরও বলেন, দারিদ্র্য যেকোনো জাতির জন্য অভিশাপ। একটি দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেখানে স্থিতিশীলতা বিরাজ করে, কিন্তু দারিদ্র্য কোনো রাষ্ট্রকে গ্রাস করলে সে রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যাকাত আহরণ ও বিতরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইসলামের প্রাথমিক যুগ থেকে কয়েক শতাব্দী পর্যন্ত যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় ও বণ্টন করা হতো। সুষ্ঠু যাকাত ব্যবস্থাপনার ফলে হজরত ওমর (রা.)-এর খেলাফতকালে মিশরসহ বিভিন্ন প্রদেশে যাকাত গ্রহণের মতো লোক খুঁজে পাওয়া যেত না।

ড. খালিদ হোসেন বলেন, আমাদের দেশে শরিয়াহ আইনের প্রাতিষ্ঠানিক প্রয়োগ না থাকায় যাকাত আহরণ ও বিতরণ কার্যক্রম এখনো কাঙ্ক্ষিত রূপ পায়নি। ফলে কেউ ইচ্ছা করলে যাকাত দেন, আবার কেউ দেন না। তিনি শরিয়তের বিধান অনুসারে যাকাত আদায়ে সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় যাকাত সংগ্রহ, বিতরণ ও মানবিক কার্যক্রমে অবদানের জন্য মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান ধর্ম উপদেষ্টা।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং মুফতি জুবায়ের আবদুল্লাহ।

অনুষ্ঠানে আলেম-ওলামা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।