সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশটিতে প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট ৫০০টি বৃত্তি প্রদান করা হবে।
স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, সৌদি আরবে বর্তমানে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদান করা হয়। এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও ডিপ্লোমা পর্যায়ে বিভিন্ন বিষয়ে বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে।
যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ থাকছে— অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাষ্ট্রবিজ্ঞান, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল। এসব মিলিয়ে মোট ১০টি বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন শিক্ষার্থীরা।
বয়সসীমা অনুযায়ী, স্নাতক পর্যায়ে ভর্তির জন্য বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং পিএইচডি পর্যায়ের জন্য সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
বৃত্তির আওতায় যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে সেগুলোর মধ্যে রয়েছে— ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল ইউনিভার্সিটি, নাজরান ইউনিভার্সিটি, জাযান ইউনিভার্সিটি, উম্মুল ক্বোরা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
এর আগে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের আলাদাভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হতো। তবে নতুন ব্যবস্থায় একক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে যেকোনো তিনটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদন শেষে মেধা ও নির্ধারিত কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া:
সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য ‘Study in Saudi’ নামে একটি একক অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
সৌদি বৃত্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট:
https://studyinsaudi.moe.gov.sa/Universities



