-
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করা যোগ্য হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ‘নির্যাতনের কারণে’ ভারতে আসা যোগ্য হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকার কাজ করছে। তাঁদের মর্যাদার সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।
আট জেলার প্রশাসনকে ক্ষমতা
অমিত শাহ জানান, সিএএর আওতায় নাগরিকত্বের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে আবেদন যাচাই ও নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
সিএএতে কারা নাগরিকত্বের সুযোগ পাবেন
ভারতে ২০১৯ সালে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন ২০২৪ সালে কার্যকর হয়। আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের অভিযোগে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানদের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে।
এর অন্যতম শর্ত হলো, আবেদনকারীকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হয়েছে।
শিলিগুড়ির বক্তব্যে অমিত শাহ সিএএ বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের ওপরও গুরুত্ব দেন।



