৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। কমিশনের অনুমোদনক্রমে ওই পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফল ও প্রয়োজনীয় নির্দেশনা দেখতে পারবেন। একই সঙ্গে কমিশন জানিয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার তারা সংরক্ষণ করে।
উল্লেখ্য, পিএসসির পূর্বঘোষিত সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ ছিল আগামী ৩০ জুলাই ২০২৬। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফলাফল প্রকাশ করা হয়েছে।



