tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসিআইএ কর্মকর্তার ছেলেকে মরণোত্তর পুরস্কার দিলেন পুতিন

সিআইএ কর্মকর্তার ছেলেকে মরণোত্তর পুরস্কার দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূতকে একটি পুরস্কার দিয়েছেন। তা পৌঁছে দেয়া হবে এক জ্যেষ্ঠ সিআইএ কর্মকর্তার কাছে। কারণ তার ছেলে ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। সিবিএসের খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সপ্তাহে মস্কো সফরের সময় স্টিভ উইটকফকে ‘অর্ডার অব লেনিন’ পদক তুলে দেন পুতিন। ২১ বছর বয়সী মাইকেল গ্লস গত বছর ইউক্রেনে নিহত হন। তিনি ছিলেন সিআইএর ডিজিটাল ইনোভেশনের ডেপুটি ডিরেক্টর জুলিয়ান গ্যালিনার ছেলে। শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিন বৈঠকের আগেই এই পদক তুলে দেয়া হয়েছে। 

ক্রেমলিন বা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই প্রকাশ্যে স্বীকার করেনি যে গ্লসকে মরণোত্তর ‘অর্ডার অব লেনিন’ দেয়া হয়েছে। সাবেক সোভিয়েত আমলে অসাধারণ বেসামরিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হতো। পুরস্কারটি আসলে কীভাবে ব্যবহার করা হয়েছে তা-ও স্পষ্ট নয়। হোয়াইট হাউস, সিআইএ বা উইটকফ-কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি। 

গ্লসের মৃত্যুর খবর প্রথম প্রকাশ এপ্রিল মাসে রুশ সংবাদমাধ্যমে। একই মাসে সিআইএর এক বিবৃতিতে বলা হয়, গ্লস মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যু কোনো জাতীয় নিরাপত্তা ইস্যুর সঙ্গে সম্পর্কিত নয়। সিবিএসকে এক সূত্র জানিয়েছে, গ্লস কখনোই সিআইএর কর্মচারী ছিলেন না। আরও জানা যায়, ক্রেমলিন প্রথমে গ্লসের পারিবারিক পটভূমি সম্পর্কে অবগত ছিল না। তিনি ২০২৩ সালের শরতে রুশ বাহিনীতে যোগ দেন। গত বছর তিনি মস্কোর রেড স্কোয়ারে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তার পোস্টগুলোতে তিনি ইউক্রেন সংঘাতকে ‘ইউক্রেন প্রক্সি যুদ্ধ’ বলে উল্লেখ করেন এবং পশ্চিমা গণমাধ্যমের খবরকে ‘পশ্চিমা প্রোপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করেন। 

২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, গ্লস ওই বছরের ৪ঠা এপ্রিল ‘পূর্ব ইউরোপে’ নিহত হন। তার মৃত্যুর বিষয়ে সিআইএর বিবৃতিতে বলা হয়, গ্যালিনা ও তার পরিবার ‘অকল্পনীয় ব্যক্তিগত ট্র্যাজেডির’ শিকার হয়েছেন। গ্লসের পিতা ইরাক যুদ্ধের প্রবীণ সৈনিক ল্যারি গ্লস এপ্রিলে ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাদের ছেলে সারা জীবন মানসিক অসুস্থতার সঙ্গে সংগ্রাম করেছে। তার ভাষায়- আমাদের সবচেয়ে বড় ভয় ছিল, যখন আমরা অপেক্ষা করছিলাম তাকে দেশে ফিরিয়ে আনার জন্য, তখন ওখানে (মস্কোতে) কেউ হয়তো বুঝে ফেলতে পারে ওর মা কে, আর তাকে প্রপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।