যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ঘিরে দেশীয় সমালোচনার মুখে পাল্টা অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং ইরানকে দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে।
শুক্রবার (১৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প বলেন, চলমান সংঘাতের পর ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে। তার ভাষায়, “তারা এখন শেষ।”
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের পর যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তবে চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে নির্ধারিত একটি সফর বাতিল করেছেন, যেখানে চুক্তির বিভিন্ন জটিল বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
চুক্তির সমালোচকরা বলছেন, এটি মূলত যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছে। এসবের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় চালু করা, ইরানের ওপর আরোপিত বিভিন্ন অবরোধ ও নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের উদ্যোগ।
এসব সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধের ফলে ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, দেশটির নৌ ও বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সমালোচনা করে তিনি বলেন, তারা ইরানের বর্তমান অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখেই ইরান আলোচনায় আসতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “এটি যুক্তরাষ্ট্রের নয়, ইরানের প্রয়োজন ছিল।”
চুক্তির পরবর্তী ধাপ প্রসঙ্গে ট্রাম্প জানান, নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা, জব্দকৃত সম্পদ অবমুক্তকরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, ইরানের এই চুক্তিতে সম্মতি দেওয়া অনেকটা ‘শর্তহীন আত্মসমর্পণের’ মতো। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সংঘাত পরিস্থিতি তাকে প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতার ব্যাপ্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে।
চুক্তির সমালোচনা করায় নিজ দলের কয়েকজন রিপাবলিকান নেতাকেও আক্রমণ করেন ট্রাম্প। তাদের মধ্যে সিনেটর টম কটন ও সিনেটর রজার উইকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা এবং পুনর্গঠন তহবিলের প্রতিশ্রুতির সমালোচনা করেছেন। তবে ট্রাম্প দাবি করেন, এসব ব্যয় মার্কিন করদাতাদের অর্থ থেকে বহন করা হবে না।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে চলমান হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। একই সময়ে ইসরায়েল জানিয়েছে, তারা নতুন করে বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, লেবানন ইস্যুতে নতুন একটি যুদ্ধবিরতি সমঝোতার অগ্রগতি হয়েছে।
এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমাদের সম্পর্ক ভালো, তবে তাকে আরও বিচক্ষণ হতে হবে।”
সূত্র: আল-জাজিরা



