রাজধানীতে সম্ভাব্য জনদুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঘোষিত র্যালির কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটি নিয়েছে ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ—খাল, নালা ও পুকুর পরিষ্কারের কর্মসূচি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “ঢাকার নাগরিকদের কষ্ট বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। বরং আমরা চাই শহরের পরিবেশ উন্নত হোক, নাগরিক দুর্ভোগ কমুক। সে চিন্তা থেকেই র্যালি বাতিল করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রিজভী জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় খাল, নালা ও পুকুর পরিষ্কার করবেন।
তিনি আরও বলেন, “এ উদ্যোগে আমরা শুধু দলের কর্মীদের নয়, সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”



