ভারতজুড়ে পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাংলাদেশে ফেরার পথে ৩০০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৭ নভেম্বর) বিএসএফ জানায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত থেকে ওই ৩০০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ, তারা সবাই অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে তারা হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন। কিন্তু বিষয়টি বিএসএফের নজরে পড়লে সীমান্তেই তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের দাবি, নথিপত্র ছাড়া ভারতে প্রবেশ করে কলকাতা, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের শহরগুলোতে তারা শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু সম্প্রতি সারা ভারতে শুরু হওয়া এসআইআর কার্যক্রমের কারণে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা, এবং এজন্য হাকিমপুর সীমান্তে একত্রিত হন। কলকাতার পার্শ্ববর্তী বিরাটিতে কাজ করা একজন বাংলাদেশি বলেন, ‘বিরাটিতে কাজ করতাম। কোনো কাগজপত্র নেই। এখন বাংলাদেশে যাচ্ছি।’
সাতক্ষীরার বাসিন্দা সাবিনা পারভিন বলেন, ‘রাজারহাট নিউটাউনের চিনার পার্কে থাকতাম। বিভিন্ন বাসায় কাজ করতাম। ভারতে থাকার মতো কোনো বৈধ কাগজপত্র আমাদের কাছে নেই। তাই বাংলাদেশে ফিরে যেতে চাই।’ একই জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আফসার জানান, ‘বিরাটিতে কাজ করতাম, এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি।’
বিএসএফ সূত্রের তথ্য অনুযায়ী, হাকিমপুর সীমান্তে আটক হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। তবে মানবিক কারণে তাদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। কারও কাছেই বৈধ বাংলাদেশি পাসপোর্ট না থাকায় প্রক্রিয়াগত কারণে সরাসরি ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। বিকল্প উপায়ে তাদের দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আটক ব্যক্তিরা সত্যিই বাংলাদেশি নাগরিক কি না, তা যাচাই করার কাজও চলছে।



