tanaka
প্রচ্ছদজাতীয়বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজন নারীকে সম্মাননা দেওয়া হয়। ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন এই সম্মাননা পান।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, সংগ্রাম ও অদম্য মনোবলের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ ও অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রবর্তন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের গল্প সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।