আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি, চুরি এবং অর্থপাচারের কারণেই দেশের জনগণ আজও এর আর্থিক চাপ বহন করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে অনিয়ম ও অর্থপাচার হয়েছে, তার প্রভাব এখনো দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে। সেই ক্ষতির বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তবে মূল্য সমন্বয়ের প্রভাব থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে সুরক্ষা দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুর্নীতির সংস্কৃতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সময় লাগবে। সরকার ধাপে ধাপে পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম সমন্বয় করলেও সরকারের অনুরোধে নিম্ন ও সীমিত আয়ের গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে মাসে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে এই শ্রেণির গ্রাহকদের অতিরিক্ত কোনো বিল পরিশোধ করতে হবে না।
তিনি বলেন, একই ধরনের বিবেচনায় অকটেন ও পেট্রোলের দাম সমন্বয় করা হলেও ডিজেলের মূল্য দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি।
ডা. জাহেদ আরও অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে দেশের বিদ্যুৎ খাতকে পরিকল্পিতভাবে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল। এর নেতিবাচক প্রভাব এখনো জ্বালানি খাত ও জাতীয় অর্থনীতিতে অনুভূত হচ্ছে।



