নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকার বলছে, নতুন এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্র সরকার ট্রেড অ্যাক্ট, ১৯৭৪-এর সেকশন ৩০১-এর আওতায় ৬০টি অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা বিশ্বের ৮৬টি দেশের প্রতিনিধিত্ব করে। জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্তের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এ সিদ্ধান্ত নেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ফলে এসব দেশের তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশ আরও বেশি প্রতিযোগিতামূলক সুবিধা পাবে বলে মনে করছে সরকার।
নতুন শুল্কহার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আওতায় শুল্কের হার সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে সেকশন ১২২-এর অধীনে আগে কার্যকর থাকা অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের পরিবর্তে নতুন শুল্কব্যবস্থা কার্যকর হলো।



