tanaka
প্রচ্ছদখেলাবাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

পিএসএলে তরুণদের সুযোগ দিতে চান কালান্দার্সের মালিক, নজরে নাহিদ-রিশাদ-মিরাজরাও

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরকে সামনে রেখে বাংলাদেশের তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিয়ে বিশেষ পরিকল্পনা করছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা জানিয়েছেন, বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন তাঁদের নজরে। তবে এখনই তাঁদের নাম প্রকাশ করতে চান না তিনি।

পিএসএলের বিভিন্ন আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। সর্বশেষ গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) বাংলাদেশের শামীম পাটোয়ারীকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার আরও কয়েকজন তরুণ বাংলাদেশিকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে তারা।

সামিন রানা বলেন, ‘আমাদের পরিকল্পনায় বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে। তাদের নাম এখনই বলতে চাই না। তবে এটুকু বলে রাখি, তারা বড় তারকা নয়। প্রতিপক্ষ দলও আমার পছন্দের খেলোয়াড়দের নিতে চায়। এটা একটা পরিবার। টাকাপয়সা বড় বিষয় নয়। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমার নজরে আছে। তাদের পিএসএলে দেখবেন।’

নাহিদ রানাকে আবারও চান সামিন

লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার পারফরম্যান্সের প্রশংসা করেন সামিন রানা। আগামী আসরেও তাঁকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘নাহিদকে যে দলই পাক, নিজেদের ভাগ্যবান মনে করবে। এখন দলগুলো বাংলাদেশি খেলোয়াড়দের দলে নিচ্ছে। একসময় এত বেশি নিত না। নাহিদ নিলামে থাকলে সে অবশ্যই আমার নজরে থাকবে।’

তবে শুধু নাহিদই নন, বাংলাদেশের আরও কয়েকজন তরুণ ক্রিকেটারের মধ্যে সম্ভাবনা দেখছেন লাহোর কালান্দার্সের মালিক। তাঁদের সুযোগ দেওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

সামিন বলেন, ‘নাহিদের চেয়েও রোমাঞ্চকর তরুণ প্রতিভা আছে। আমি তাদের সুযোগ দিতে পারলে আরও খুশি হব। তরুণেরা বাড়তি উদ্যম নিয়ে আসে। রিশাদের কথাই বলি, কিংবা মিরাজের কথা। কালান্দার্সের হয়ে খেলে মিরাজ ওয়ানডে অধিনায়ক হয়েছে। ইমন, জিএসএলে যাকে নিয়েছিলাম সেই শামীম—এই তরুণেরাই কালান্দার্সকে এগিয়ে নেয়।’

তরুণ ক্রিকেটারদের নিবেদন ও মানসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা একশ ভাগ নয়, দুইশ ভাগ দেয়। হার-জিত খেলার অংশ। প্যাশনটাই আসল।’

ট্রফির চেয়ে ক্রিকেটারের ক্যারিয়ার গড়াকে গুরুত্ব

তরুণ ক্রিকেটারদের বিকাশে সুযোগ তৈরি করাকেই নিজের বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন সামিন রানা। তাঁর মতে, শুধু শিরোপা জয়ের চেয়ে একজন ক্রিকেটারের ক্যারিয়ার গড়ে দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘ট্রফি জয়ের চেয়ে কারও ক্যারিয়ার গড়ে দেওয়া বড় ব্যাপার। আমার স্বপ্ন তরুণদের সর্বোচ্চ পর্যায়ে সুযোগ করে দেওয়া, সুপারস্টার তৈরি করা। এ কারণেই বাংলাদেশ নিয়ে আমি রোমাঞ্চিত।’

বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের নিয়ে লাহোর কালান্দার্সের এই আগ্রহ পিএসএলের আগামী আসরে তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে কোন কোন ক্রিকেটারকে দলে নেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।