সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে প্রবল বজ্রঝড়ের কারণে শুক্রবার (২৮ আগস্ট) ২৭টি ফ্লাইট বাতিল করেছে সুইস এয়ারলাইনস। এতে প্রায় ৩ হাজার ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
সুইস এয়ারলাইনস জানিয়েছে, ঝড় অব্যাহত থাকায় দিনের বাকি সময়েও আরও কিছু ফ্লাইট বাতিল হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের আশপাশে বারবার বজ্রপাতের কারণে যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে কয়েক দফায় উড়োজাহাজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এতে কিছু ফ্লাইটের যাত্রা প্রায় তিন ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়।
প্রতিকূল আবহাওয়ার কারণে জুরিখ বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। ফলে ভূমিতে থাকা অনেক উড়োজাহাজের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। এর প্রভাব পড়ে পরবর্তী ফ্লাইটগুলোর সময়সূচির ওপরও।
সুইস এয়ারলাইনস জানিয়েছে, যেসব ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে, সেগুলোর সংযোগ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমিয়ে বিমান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



