tanaka
প্রচ্ছদজাতীয়পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিতে জোর বাংলাদেশের

পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিতে জোর বাংলাদেশের

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত প্রশমনে অব্যাহত সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পশ্চিম এশিয়ায় চলমান সংকটে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জ্বালানির সরবরাহ শৃঙ্খলে সৃষ্ট চাপের প্রেক্ষাপটে এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে।

বক্তব্যে ফিলিস্তিনি জনগণের ওপর, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানায় বাংলাদেশ।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টিও অধিবেশনে তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ওআইসির সদস্যরাষ্ট্রগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

এ ছাড়া বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রবণতা প্রতিরোধে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে মুসলিম উম্মাহকে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।