নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
এনডিআরআরএমএর তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। পাশাপাশি একটি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন জানিয়েছে, প্রাথমিক হিসাবে এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। সংস্থাটি সতর্ক করে বলেছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে, গত বুধবার আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দেয়। দুর্গত এলাকায় জীবিতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। শহর ও উপত্যকার বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া হাজারো মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে জরুরি পরিষেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করছে।



