বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি পরিত্যক্ত দুটি বস্তার ভেতর থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। তবে এ ঘটনায় ইয়াবার কোনো মালিককে শনাক্ত করা যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টসংলগ্ন স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১১ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ব্রিজের নিচে পড়ে থাকা লেবুভর্তি দুটি বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় ১০ কাটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। বস্তা দুটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে মাদকগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান ঠেকাতে নিয়মিত নজরদারি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।



