tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদননতুন বছর নিয়ে তারকাদের প্রত্যাশা

নতুন বছর নিয়ে তারকাদের প্রত্যাশা

ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হলো নতুন আরেকটি বছর। ২০২৫ সালের প্রাপ্তি–অপ্রাপ্তির হিসাব পেছনে ফেলে বিশ্বজুড়ে মানুষ স্বাগত জানাচ্ছে নতুন বছর ২০২৬-কে। এই আনন্দঘন মুহূর্তে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। প্রতি বছরের মতো এবারও ইংরেজি নববর্ষ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা ছড়িয়ে দিয়েছেন বিনোদন জগতের জনপ্রিয় মুখগুলো।

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,
‘শুভ সকাল ২০২৬। ভালো কাটুক সবার।’

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেছেন,
‘নতুন বছরে একটাই চাওয়া—কপালের টিপটা যেন ঠিকঠাক মাঝখানে পরতে পারি। ২০২৬, জাদুর শহরে স্বাগতম।’

অভিনেত্রী চিত্রলেখা গুহ লিখেছেন,
‘স্বাগতম ২০২৬। সব বন্ধু, স্বজন ও সুজনকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে পৃথিবীর সব মানুষের জীবন হোক সুস্থ, সুন্দর, আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ।’

অভিনেতা ইরফান সাজ্জাদ এক ভিডিও বার্তায় ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,
‘বছরের প্রথম দিন, প্রথম সকালে সবাইকে শুভেচ্ছা। এই বছরটি বাঙালি জাতিকে আরও পরিণত করুক। বিগত বছরের সব দুঃখ–দুর্দশা পেছনে ফেলে নতুন বছরে আমরা যেন একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারি এবং সেই দেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারি—আল্লাহ আমাদের সেই তৌফিক দিন।’

অভিনেত্রী দীপা খন্দকার পরিবারসহ ওমরা পালনে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে পরিবারের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন,
‘আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এবারের থার্টি ফার্স্ট (৩১ ডিসেম্বর) ছিল খুবই বিশেষ একটি দিন। আশা করি, নতুন বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে।’

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী লিখেছেন,
‘সময় বদলায়, বছর বদলায়—তবু আশা অটুট থাকে। ২০২৬ হোক শান্তি ও সৌন্দর্যের এক নতুন অধ্যায়। শুভ নববর্ষ।’

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া লিখেছেন,
‘দুই হাত বাড়িয়ে ২০২৬-কে স্বাগত জানাচ্ছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।’