বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ধর্মের নামে রাজনৈতিক ব্যবসা আর চলবে না। যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা আসলে ধর্ম ব্যবসায়ী। একইভাবে, মুক্তিযুদ্ধের চেতনার নামে আর কেউ ব্যবসা করতে পারবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। “আমরা বলি, শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের আড়ালে মেঘা দুর্নীতি হয়েছে। “বাংলাদেশে ঋণের সংস্কৃতি তৈরি হয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু শেষ পর্যন্ত ৪০ হাজার কোটি টাকায় নির্মিত হয়েছে।”
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন একমাত্র লক্ষ্য—সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করে দেশে গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন করা। বিএনপি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “শুধু ভাষণ আর আশ্বাসে আমরা সীমাবদ্ধ থাকব না। মানুষ আর শোষণ-ভাষণের সংস্কৃতিকে বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে। নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে এবং অপতথ্য ও মিথ্যা তথ্যের জবাব দিতে হবে। তরুণদের সোচ্চার থাকতে হবে।”



