জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করে পরিবহন ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া, নৌপথে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রচারিত এক জরুরি প্রেস বার্তায় এ প্রস্তাব পেশ করেন।
ভাড়া পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধি না রেখে একপেশেভাবে মালিকদের সুবিধা দেওয়ার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করলেও যাত্রীদের মতামত গ্রহণের কোনো উদ্যোগ নেয়নি।
এদিকে ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিকদের প্রকৃত পরিচালন ব্যয়বৃদ্ধি এবং এর বিপরীতে ভাড়া বৃদ্ধির সঠিক হিসাব জনসমক্ষে প্রকাশে স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত এবং ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধিদেরও আলোচনায় রাখার দাবি জানায় সংগঠনটি।
যাত্রী কল্যাণ সমিতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে।



