tanaka
প্রচ্ছদজাতীয়দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে তলব

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে তলব

  1. সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ও শিরশ্ছেদের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়।

    এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ ঘটনায় তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    শামা ওবায়েদ বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা। বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে সরকার সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে।

    তিনি আরও জানান, সৌদি আরবের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী করণীয় নির্ধারণে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।