tanaka
প্রচ্ছদসারাদেশঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এ যানজট শনিবার সকালেও অব্যাহত ছিল। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় বিশেষ করে বিদেশগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজকে কেন্দ্র করে এ যানজটের সূত্রপাত। ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ।

সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ওই লেনে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে তা দীর্ঘ যানজটে রূপ নেয়।

শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে সামাল দিতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, ‘শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।’

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, ‘কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।’

টোলপ্লাজায় আটকে থাকা মাহাবুব নামের এক বাসযাত্রী বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও আমরা একই জায়গায় আটকে আছি। এত দীর্ঘ যানজটের কারণও সাধারণ যাত্রীদের অনেকের জানা নেই।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের প্রধান কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে একটি লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।