tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনটাইগার শ্রফকে হত্যার চেষ্টা, বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকারের দাবি

টাইগার শ্রফকে হত্যার চেষ্টা, বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকারের দাবি

ভারতের মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও আহত হয়েছেন তাঁর গাড়িচালক। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে ঘটনার দায় স্বীকার করেন। তবে ভিডিওতে দেওয়া তাঁর বক্তব্য ও হামলার সঙ্গে গ্যাংটির সংশ্লিষ্টতার দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে ওই ব্যক্তি দাবি করেন, তাদের নির্দেশ না মানা এবং অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার কারণে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বলিউডে যারা তাদের সঙ্গে সমন্বয় না করে কাজ করবেন কিংবা সালমান খানের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন, তাঁদের হত্যার হুমকিও দেন তিনি।

একই ভিডিওতে সালমান খানকে লরেন্স বিষ্ণোই ও বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার হুমকি দেওয়া হয়। ক্ষমা না চাইলে সালমানের পরিবারের সদস্যদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ওই ব্যক্তি।

এর আগে ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিক। সালমান খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়টি ওই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আলোচনায় আসে। পরে এ হত্যার দায়ও লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গুজরাটের কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর আগেও সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের বিষয়টি বিভিন্ন সময়ে সামনে এসেছে। ওই ঘটনার পর থেকেই সালমানকে ঘিরে একাধিকবার হুমকি ও নিরাপত্তা উদ্বেগের ঘটনা ঘটেছে।

সূত্র: এনডিটিভি