দীর্ঘদিন দেশের ক্রিকেটের দৃশ্যপটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলে ফিরতে চান। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগও করেছেন তিনি। তবে জাতীয় দলে ফেরার পথ পাড়ি দিতে হলে তাঁকে ফিটনেস প্রমাণের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য দেখাতে হবে।
লাল-সবুজ জার্সিতে জাহানারাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে। এরপর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন ৩৩ বছর বয়সী এই পেসার।
২০১১ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় জাহানারার। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৪৮টি এবং টি-টোয়েন্টিতে ৬০টি উইকেট শিকার করেছেন তিনি। তবে মানসিক স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে গত বছরের জানুয়ারিতে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা বিসিবিকে জানিয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
এরপর গত বছরের শেষদিকে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে আবারও আলোচনায় আসেন জাহানারা। পরবর্তী সময়ে নিজস্ব স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় বিসিবি।
জাতীয় দলে ফেরার বিষয়ে জাহানারার যোগাযোগের কথা নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি জানান, জাতীয় দলে ফেরার আগে জাহানারাকে নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হ্যাঁ, সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে নির্বাচকরা আছেন, সবাই দেখবেন সে ফিট আছে কি না। ফিটনেস টেস্টে তাকে উত্তীর্ণ হতে হবে।’
জাতীয় দলে ফেরার ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, ‘পরবর্তী ধাপে যাওয়ার আগে তাকে এখানে এসে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। সেখানে খেলার পর নির্বাচকরা যদি মনে করেন সে ফিট আছে, ভালো খেলেছে এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য, তখন তাকে বিবেচনায় নেওয়া হবে।’
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন রফিকুল। তিনি বলেন, ‘কেউ বিরতি নিলে তা থেকে ফেরার জন্য নির্ধারিত কিছু প্রক্রিয়া রয়েছে। তবে জাতীয় দলে সে যত দিন খেলেছে, ভালোই করেছে।’
এদিকে, সামনে নারী ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের ফিটনেস ও পারফরম্যান্সের প্রমাণ দেওয়ার সুযোগ পেতে পারেন জাহানারা।
তবে জাতীয় দলে ফেরার পথ সুগম করতে হলে তাঁকে আগে সিদ্ধান্ত নিতে হবে, কোন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন। বোর্ডের সূত্র অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই হবে জাতীয় দলে ফেরার ক্ষেত্রে তাঁর বড় চ্যালেঞ্জ।



