চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ছয়টি সংযোগ সড়ক পাকাকরণ প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত ও কার্যকরভাবে নির্মাণকাজ শেষ করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রকল্পটির দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামকে নির্বাহী সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির নীতিগত অনুমোদন চাওয়া হতে পারে। প্রস্তাব অনুমোদন হলে সেনাবাহিনী প্রকল্প বাস্তবায়নে যুক্ত হবে। তবে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরই থাকবে।
‘চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পটি ২০২৩ সালের ২০ জুন একনেকের সভায় অনুমোদন পায়। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১১০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।
এদিকে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার উৎপাদনের কাঁচামাল দ্রুত সংগ্রহে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নীতিগত অনুমোদন চাওয়া হতে পারে।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও সরবরাহ পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় দীর্ঘ সময় ধরে দরপত্র প্রক্রিয়া চালালে অনুকূল বাজার পরিস্থিতির সুবিধা নেওয়া সম্ভব হয় না। তাই সার উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের জন্য সরবরাহ নিশ্চিত করতে দরপত্রের সময়সীমা অর্ধেকে নামানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে বিভিন্ন দেশের ১৫টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানির পরিকল্পনা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৭২ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মাধ্যমে এসব ডিজেল আমদানি করা হবে। ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
ডিজেল আমদানির সম্ভাব্য মূল্য চূড়ান্ত নয় বলেও জানিয়েছেন কর্মকর্তারা। আন্তর্জাতিক বাজারে প্রকাশিত মূল্য, প্ল্যাটসের নির্ধারিত দর এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে আমদানির সময় প্রকৃত মূল্য কম-বেশি হতে পারে।
জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ, সার উৎপাদনের কাঁচামাল সংগ্রহ এবং ডিজেল আমদানির এসব প্রস্তাবে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন চাওয়া হতে পারে। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



