প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এর প্রচারণায় ব্যবহৃত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টিকটক। রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। তবে এ বিষয়ে টিকটকের আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
দ্য হলিউড রিপোর্টারের তথ্যের ভিত্তিতে টেকক্রাঞ্চ জানায়, তথ্যচিত্রটির পরিবেশক ব্লিকার স্ট্রিটকে সম্প্রতি অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্তের কথা জানায় টিকটক। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত তথ্যচিত্রটিতে ইলন মাস্কের জীবন, কর্মজীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
এর আগে তথ্যচিত্রটির ট্রেলার প্রচারের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল মেটা ও ইউটিউব। তবে পরবর্তী সময়ে উভয় প্ল্যাটফর্মই বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়। মেটার পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রাথমিকভাবে বিজ্ঞাপন প্রত্যাখ্যানের ঘটনাটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছিল।
অন্যদিকে, মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের অনুমতি মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানায় আংশিক অংশীদারত্ব রয়েছে ল্যারি এলিসনের প্রতিষ্ঠানের। ল্যারি এলিসন ও ইলন মাস্ক—দুজনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত সমর্থক।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাত্র চারটি প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পায়। পরে ধীরে ধীরে এর প্রদর্শনীর পরিধি বাড়ানো হয়। আগামী বছর এইচবিওতে তথ্যচিত্রটি স্ট্রিমিংয়ের জন্য প্রকাশের পরিকল্পনা রয়েছে। বর্তমানে এইচবিও প্যারামাউন্ট-স্কাইড্যান্সের অধীনে রয়েছে, যার নেতৃত্বে আছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।
রাজনৈতিক বিষয়বস্তু ও বিজ্ঞাপন প্রচারের নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলমান বিতর্কের মধ্যে তথ্যচিত্রটির প্রচারণায় একাধিক প্ল্যাটফর্মের বাধা নতুন করে প্রশ্ন তুলেছে। তবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপন প্রত্যাখ্যান বা অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে ঠিক কোন নীতিমালা প্রয়োগ করেছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়।
সূত্র: টেকক্রাঞ্চ, দ্য হলিউড রিপোর্টার



