tanaka
প্রচ্ছদখেলাইয়ামালকে মাথা দিয়ে আঘাত, চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার

ইয়ামালকে মাথা দিয়ে আঘাত, চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। ঘটনাটিকে শৃঙ্খলাভঙ্গ ও আক্রমণাত্মক আচরণ হিসেবে বিবেচনা করে এই শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার বেতিস ও বার্সেলোনার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর বার্নালের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ইয়ামাল। এ সময় তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বার্নাল। একপর্যায়ে ইয়ামালের মুখে মাথা দিয়ে আঘাত করেন বেতিসের এই মিডফিল্ডার। সঙ্গে সঙ্গেই তাঁকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

রেফারি রিকার্দো দে বুর্গোস বেনিগোইচিয়ার ম্যাচ রিপোর্ট এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারার ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধারায় প্রতিপক্ষকে শারীরিকভাবে আক্রমণ করার অপরাধে শাস্তির বিধান রয়েছে, এমনকি আঘাতের কারণে গুরুতর চোট না লাগলেও।

রেফারির প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ৫৪তম মিনিটে বার্নালকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বল খেলার বাইরে থাকা অবস্থায় তিনি প্রতিপক্ষের ঘাড়ে হাত রাখেন এবং পরপর দুবার মাথা দিয়ে মুখে আঘাত করেন।

শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারা অনুযায়ী, এ ধরনের অপরাধে চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। ঘটনাটিকে সাধারণ বাক্‌বিতণ্ডা হিসেবে বিবেচনা না করে শারীরিক আক্রমণ হিসেবে মূল্যায়ন করে ডিসিপ্লিনারি কমিটি। শেষ পর্যন্ত সর্বনিম্ন চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় বার্নালকে।

ঘটনার সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধের শুরুতে। বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেস মাঠে পড়ে গেলে তাঁকে উঠতে সাহায্য করতে এগিয়ে আসেন বেতিসের গোলরক্ষক আলভারো ভায়েস। সতীর্থের পাশে দাঁড়াতে এগিয়ে যান ইয়ামালও। এরপরই ইয়ামালের সঙ্গে বার্নালের তর্ক শুরু হয়।

একপর্যায়ে বার্নাল ইয়ামালকে শক্ত করে ধরে ফেলেন। পরে মুখোমুখি অবস্থানে তাঁকে মাথা দিয়ে আঘাত করেন। এ ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্নালকে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়াল বেতিসকে।

ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে বল খেলার বাইরে থাকা অবস্থায় পরপর দুবার মাথা দিয়ে আঘাত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এ কারণেই ঘটনাটিকে নিছক উত্তেজনা বা বাক্‌বিতণ্ডা হিসেবে বিবেচনা না করে শারীরিক আক্রমণ হিসেবে গণ্য করা হয়েছে।