কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত এবং আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার ফলে ঘটনাস্থলেই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।
ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর, যেখানে তিনটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। এসব বন্দর দিয়ে ইউক্রেনের শস্যসহ বিভিন্ন পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি করা হয়। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার এই বন্দরনগরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রটি ওডেসার পিভদেন্নি বন্দরে আঘাত হানে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়, যার ফলে নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র: রয়টার্স



