ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনায়। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর চেহারা সংযুক্ত করা একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তবে এবারের ভিডিওতে ভিন্ন সাজে দেখা গেছে তাঁকে।
জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর সেখান থেকে আপত্তিকর ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে হ্যাকিংয়ের ঘটনা জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন পরীমনিও।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ভিডিওতে শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়েছেন তিনি। তাঁর এই সাজ ও উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ দেখা গেছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক…।’
দুর্গাপূজার আবহে পরীমনির এই বিশেষ সাজ এবং শুভ শক্তির জয় কামনা করে দেওয়া বার্তা অনুরাগীদের নজর কেড়েছে।



